পারফেকশনের উচ্ছিষ্টে সাবস্ট্যান্ডার্ডদের মহাভোজ
দুনিয়াডা বড়ই আজব জায়গা, বুঝলা! যার নিজের হাঁড়িতে ভাত নাই, হেই আবার পরের পাতের বিরিয়ানির মান নিয়া গবেষণা করে। নিজের ঘরে ইঁদুরের দৌড়াদৌড়ি, অথচ পরের বাড়ির হাতির উচ্চতা মাপতে গিয়া কোমরে টান লাগায়। নিজের যোগ্যতার খাতা ফাঁকা, কিন্তু অন্যের সাফল্যের সার্টিফিকেট যাচাই করতে তাদের জুড়ি নাই। এই জাতের লোকজনের আবার একখান বিশেষ প্রতিভা আছে, তারা নিজেরা কিছু করতে না পারলেও অন্যের করা কাজের মধ্যে খুঁত খুঁজে বাইর করতে ওস্তাদ। নিজেরে ভাবে বিচারপতি, অথচ বাস্তবে তারা হইল হিংসার হাটে বসা বিনা বেতনের সমালোচক।
পারফেকশনিস্টদের ফেলে দেওয়া বর্জ্য নিয়া এদের কী যে আদিখ্যেতা! ভালো জিনিসের নাগাল পায় না, তাই ভালো জিনিসের উচ্ছিষ্ট নিয়াই তাদের যত রোমান্টিকতা। আসল সৃষ্টির সৌন্দর্য বোঝার ক্ষমতা নাই, কিন্তু সৃষ্টির পরিত্যক্ত আবর্জনার মধ্যে বিকৃত আনন্দ খুঁজতে তাদের কী যে উৎসাহ! যেন রেস্তোরাঁর পাঁচতারা খাবার খাওয়ার সামর্থ্য নাই, তাই রান্নাঘরের ডাস্টবিনে উঁকি মাইরা নিজেদেরে খাদ্যরসিক প্রমাণ করতে ব্যস্ত। আরে ভাই, ডাস্টবিনে মুখ ঢুকাইলেই রন্ধনবিশারদ হওয়া যায় না, বরং নিজের রুচির পরিচয়টাই ফাঁস হয়!
এদের ডিএনএর মধ্যে সমস্যা আছে কি না, সেইটা বিজ্ঞানীরা জানেন। তবে আচরণবিজ্ঞানের দৃষ্টিতে একটা জিনিস পরিষ্কার, এদের আত্মসম্মানবোধের ঘাটতি আর আত্মপ্রবঞ্চনার বাড়তি ডোজ একসঙ্গে মিশলে যে কী ভয়াবহ ককটেল তৈরি হয়, তা দেখলে বোতলও লজ্জা পায়। নিজের অক্ষমতা স্বীকার করার সাহস নাই, তাই অন্যের যোগ্যতাকে ছোট করার মহড়া চলে দিনরাত। নিজেরা সাবস্ট্যান্ডার্ড, কিন্তু অন্যের স্ট্যান্ডার্ড নির্ধারণে এদের আত্মবিশ্বাস দেখলে মনে হয়, জাতিসংঘের মান নিয়ন্ত্রণ বিভাগের প্রধান পদটা বুঝি বাপের সম্পত্তি!
আবার ডাবল স্ট্যান্ডার্ডের কারবারও কম না। নিজের বেলায় সবই মানবিক ভুল, আর পরের বেলায় সেই একই ভুল মহাপাপ। নিজেরা তোষামোদ করলে কূটনীতি, অন্যে করলে চাটুকারিতা। নিজেরা মিথ্যা বললে পরিস্থিতির চাপে, অন্যে বললে চরিত্রহীন। নিজেরা ব্যর্থ হলে ষড়যন্ত্র, অন্যে সফল হলে নিশ্চয়ই কোনো অসাধু কৌশল। এদের নীতিবোধের আবার এমনই নমনীয়তা যে প্রয়োজনমতো রাবারের মতো টানতে পারে, আবার সুবিধামতো সাপের মতো খোলস বদলায়। নীতি এদের কাছে কোনো আদর্শ না, বরং বাজারদরের মতো ওঠানামা করা একটা সুবিধাজনক পণ্য।
সবচেয়ে মজার ব্যাপার হইল, এরা যারে ঘৃণা করে, তার দিকেই সবচেয়ে বেশি নজর রাখে। যার নাম মুখে আনতে চায় না, তার খবর না রাখলে রাতে ঘুম আসে না। যার সাফল্য সহ্য হয় না, তার প্রতিটি পদক্ষেপের হিসাব রাখে। যার সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা নাই, তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে নিজেদেরে বিজয়ী ভাবে। এ যেন দৌড় প্রতিযোগিতায় নামতে না পেরে রাস্তার পাশে দাঁড়ায়ে বিজয়ীর জুতার ফিতা নিয়া সমালোচনা করা। দৌড়ে জিততে পারে নাই, কিন্তু ফিতার ডিজাইন নিয়ে তাদের গবেষণাপত্র আন্তর্জাতিক মানের!
অথচ একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখা যায়, এই গোটা কর্মকাণ্ডের পেছনে রয়েছে একখান গভীর মনস্তাত্ত্বিক ট্র্যাজেডি। অন্যের সাফল্য তাদের চোখে কাঁটা হয়ে বিঁধে, কারণ সেই সাফল্য তাদের নিজের অপূর্ণতার আয়না। সেই আয়নাটা ভাঙার ক্ষমতা নাই, তাই আয়নার সামনে দাঁড়ানো মানুষটাকেই কুৎসিত প্রমাণের চেষ্টা। অথচ আয়না ভাঙলে চেহারা বদলায় না, শুধু চারপাশে কাচের টুকরা ছড়ায়। আর সেই টুকরায় নিজের পা কাটলে দোষ দেওয়ার মতো আর কেউ থাকে না।
তাই বলে পারফেকশনিস্ট মানেই নিষ্কলুষ, কিংবা সব সমালোচনাই হীনম্মন্যতার ফসল, এমন সরলীকরণও বোকামি। প্রকৃত সমালোচনা সৃষ্টিকে শাণিত করে, ভুল ধরিয়ে দেয়, নতুন সম্ভাবনার দরজা খোলে। কিন্তু বিদ্বেষের সমালোচনা শুধু বিষ ছড়ায়, আর আত্মম্ভরিতার প্রশংসা শুধু নিজের কানে তালা লাগায়। গঠনমূলক সমালোচনা আর ব্যক্তিগত হিংসার মধ্যে পার্থক্য বুঝতে না পারলে মানুষ একসময় নিজের অজ্ঞতাকেই পাণ্ডিত্য বলে চালায়।
আর ওই যে বলা হয়, তারা তোমার সঙ্গে পারবে না, পারবে তোমার গুয়ের সঙ্গে! কথাডার মধ্যে হাস্যরসের চেয়ে বড় সত্য লুকায়া আছে। যে মানুষ তোমার যোগ্যতা, চিন্তা, সৃজনশীলতা কিংবা ব্যক্তিত্বের সঙ্গে পাল্লা দিতে পারে না, সে শেষ পর্যন্ত তোমার ফেলে দেওয়া জিনিস নিয়াই প্রতিযোগিতা শুরু করে। কিন্তু সমস্যা হইল, গু নিয়া গবেষণা করতে করতে একসময় গবেষক নিজেই গুয়ের গন্ধে অভ্যস্ত হয়ে যায়। তখন তার আর সুগন্ধের প্রয়োজন হয় না, দুর্গন্ধই তার কাছে জীবনের স্বাভাবিক সুবাস!
শেষ কথা হইল, অন্যের উচ্ছিষ্ট ঘাঁটাঘাঁটি কইরা কেউ নিজের ভোজের আয়োজন করতে পারে না। অন্যের আলো নিভাইতে গিয়া নিজের প্রদীপে তেল ঢালার কথাডা ভুলে গেলে অন্ধকারই একদিন নিজের ঠিকানা হয়। মানুষের আসল উচ্চতা অন্যের পতন মাপার ফিতায় নির্ধারিত হয় না, নির্ধারিত হয় নিজের বিকাশের সিঁড়িতে কতখানি উঠতে পারল, সেই হিসাব দিয়া।
মনে রাইখো, অন্যের গু নিয়া যত বড়ই গবেষণা করো না কেন, তাতে নিজের মাথায় মুকুট ওঠে না। বড়জোর নিজের নাকটাই প্রমাণ হয়, কতখানি নিচু হইতে পারে!
প্রদ্যোত / ০৪ অক্টোবর ২০২৬