ধ্যান, ধোন আর ঢাক পিটানোর মহোৎসব
(ব্যক্তিগত সাধনার পাবলিক মাইকিং এবং আত্মপ্রচারের আঞ্চলিক উপাখ্যান)
ধ্যান আর ধোনের কম্মকাণ্ড হগ্গোলতেরে চিল্লাইয়া মিল্লাইয়া না জানান দিয়া ব্যক্তিগতভাবে সারোনডাই শোভন! কিন্তু মুশকিল হইল, এই যুগে মানুষ গোপনে কী করল, তার চাইতে প্রকাশ্যে কী করল বইলা বেড়াইল, সেইটার বাজারদর বেশি। ধ্যান করনের লাইগা নির্জনতা লাগে, আর ধ্যান করতেছি এই খবরডা জানান দেওনের লাইগা লাগে ফেসবুক, ক্যামেরা, তিনডা সেলফি, পাঁচডা হ্যাশট্যাগ আর একখান গম্ভীর মুখের প্রোফাইল পিকচার! সাধনা যতখানি অন্তরের, প্রচার তার চাইতে দশ গুণ বাহিরের। মাথার ভিতরে চিন্তার বাত্তি জ্বলে কি না জানা নাই, কিন্তু টাইমলাইনে জ্ঞানের ফানুস উড়তে থাকে দিনরাইত!
এহনকার যুগে কেউ চোখ বন্ধ কইরা বইসা থাকলে বুঝনের উপায় নাই, সে ধ্যান করতাছে, না ঘুমের মধ্যে বকেয়া স্বপ্নের হিসাব মেলাইতাছে। কিন্তু পাঁচ মিনিট পরেই যদি ছবি দিয়া লেখে, ‘আজ মহাজাগতিক চৈতন্যের সঙ্গে গভীর সংযোগ স্থাপিত হইল’, তাইলে আর সন্দেহ কী! চৈতন্যের লগে সংযোগ হইছে কি না, সেইটা চৈতন্যই জানে; কিন্তু ফলোয়ারগো লগে সংযোগ যে পাকাপাকি হইছে, সেইটার প্রমাণ লাইকের ঘরে ঝলমল করে! ধ্যানের আসল ফল আত্মোপলব্ধি, আর আধুনিক ধ্যানীর ফলাফল হইল- Reach increased by 73 percent! বাকি ২৭ শতাংশ অপূর্ণতা পরের পোস্টে পূরণ হইব!
আর ধোনের কম্মকাণ্ড নিয়া তো কথাই নাই! ব্যক্তিগত বিষয়রে ব্যক্তিগত রাখনের মধ্যে যে একধরনের রুচি, সংযম আর আত্মমর্যাদা আছে, এই কথাডা এখনকার আত্মপ্রচারবাজ সমাজরে বোঝানো মুশকিল। কার কী ব্যক্তিগত জীবন, কার কী গোপন আনন্দ, কার কী একান্ত অভ্যাস, সেইগুলা নিয়া ঢাকঢোল পিটাইয়া বেড়াইতে পারলেই যেন আধুনিকতার সনদ মিলে! নিজের ঘরের জানালা খুইল্যা দুনিয়ারে দেখাইতাছে, অথচ পাশের বাড়ির মানুষ জানালা বন্ধ রাখলে তারে সন্দেহের চোখে দেখে। নিজের গোপনীয়তা বিক্রি কইরা অন্যের গোপনীয়তার বিচার করাই যেন নতুন যুগের নৈতিক ব্যবসা!
হগ্গলতেই এখন বিশেষজ্ঞ! কেউ শরীরতত্ত্বের, কেউ মনস্তত্ত্বের, কেউ কামতত্ত্বের, কেউ আবার পরমাত্মার সঙ্গে সরাসরি হটলাইন খুইলা বইসা আছে। প্রশ্ন করলেই উত্তর, উত্তর না জানলেও উত্তর, উত্তর ভুল হইলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নাই। নিজের জীবনের জট ছাড়াইতে পারে না, কিন্তু মানবসভ্যতার সব জট খুইলা দেওনের লাইগা প্রস্তুত। নিজের ঘরের চাল দিয়া পানি পড়ে, অথচ সে বিশ্ববাসীরে আধ্যাত্মিক ছাতা বিলায়! নিজের চরিত্রের ভিতরে উইপোকা, মুখে নীতিকথার মহাকাব্য!
আসল কথা হইল, ধ্যানের কাম ধ্যানীর, ব্যক্তিগত জীবনের কাম ব্যক্তির। যতক্ষণ কারও ব্যক্তিগত আচরণ অন্যের অধিকার নষ্ট না করে, কারও সম্মতি লঙ্ঘন না করে, কিংবা কারও ক্ষতির কারণ না হয়, ততক্ষণ তার একান্ত জীবন নিয়া পাড়া-মহল্লার সালিশ বসানোর দরকার কী? আর নিজের একান্ত বিষয়রে নিজেই যদি মাইক দিয়া প্রচার করতে থাকো, তাইলে মানুষ শুনবই। মাইক হাতে নিয়া পরে কইও না, ‘মানুষ আমার ব্যক্তিগত জীবনে নাক গলাইতাছে!’ ভাই, নাক গলাইতে ডাকাডাকি করছ তুমি নিজেই, দর্শকেরে সামনের সারিতে বসাইয়া টিকিটও বিলাইছ তুমি নিজেই!
ধ্যান যদি সত্যি গভীর হয়, তার বিজ্ঞাপন দেওনের তাড়া কমে। আত্মমর্যাদা যদি সত্যি শক্ত হয়, তারে বাজারে তুইলা বেচনের দরকার পড়ে না। আর ব্যক্তিগত জীবন যদি সত্যিই ব্যক্তিগত রাখতে চাও, তাইলে প্রতিটা গোপন দরজার সামনে দাঁড়াইয়া নিজেই মাইকিং কইরো না- ‘দরজা বন্ধ, সবাই উঁকি দিয়া দেখেন!’
মনে রাইখো, সব কথা প্রকাশ করাই সাহস না, সব কথা গোপন রাখাই লজ্জা না, আর সব নীরবতাই ধ্যান না। কোন কথাডা কইতে হয়, কোন কামডা ব্যক্তিগত রাখতে হয়, আর কোন জায়গায় মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ- এই তিনডা বুঝনের নামই রুচি।
নইলে একদিন দেখা যাইব, মানুষ ধ্যান করতাছে লাইকের লাইগা, প্রেম করতাছে পোস্টের লাইগা, সাধনা করতাছে সার্টিফিকেটের লাইগা, আর গোপনীয়তা রক্ষা করনের ঘোষণা দিতাছে লাইভ সম্প্রচারে!
যুগের চরম পরিহাস হইল, মানুষ এখন একান্তে থাকার ছবিও প্রকাশ্যে দেয়; নীরবতার কথাও চিল্লাইয়া কয়; আর আত্মোপলব্ধির আগে দর্শক গুনে দেখে!
আহা রে আত্মা! তোর মুক্তি হইব কবে? তোর সাধক তো এখনো নোটিফিকেশনের গোলাম!
প্র.ইডিয়ট / ২৪ অক্টোবর ২০২৬